২/২, ব্লক-এ, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা
৮৮০ ২২ ২২২ ৪৩৯৫৬
shujan.info@gmail.com

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় নির্বাচনের স্বচ্ছতা ও গণতান্ত্রিক উত্তরণের গুরুত্ব তুলে ধরে সুজন–সুশাসনের জন্য নাগরিক আয়োজিত “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ০৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার সকাল ১০.৩০টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, দেশের স্বার্থে আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। তিনি উল্লেখ করেন, রাজনীতি এখন অনেক ক্ষেত্রে ব্যবসায় পরিণত হওয়ায় ক্ষমতায় গেলে প্রভাব-প্রতিপত্তি খাটানোর প্রবণতা দেখা যায়, যা গণতন্ত্রের জন্য ক্ষতিকর।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে বলে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস আশাবাদ ব্যক্ত করেছেন। একই সঙ্গে ইতিহাসে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী ও অনুপস্থিত ভোটারদের ভোটাধিকার নিশ্চিত হওয়ায় নির্বাচন কমিশনকে বাড়তি সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ড. বদিউল আলম মজুমদার দলীয় প্রতীকে নির্বাচন বাধ্যতামূলক হওয়ায় এক দল ছেড়ে অন্য দলে যোগদানের প্রবণতা এবং রাজনৈতিক ভাষার বিদ্বেষমূলক রূপ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি দ্বৈত নাগরিকত্ব, ঋণখেলাপি প্রার্থী এবং কমিশনের নিরপেক্ষ ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজনের প্রধান সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। তিনি সংক্ষেপে জানান, এবারের নির্বাচনে ৩০০ আসনে দুই হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী প্রার্থীর হার তুলনামূলকভাবে কম হলেও অংশগ্রহণ রয়েছে, তবে প্রতিটি রাজনৈতিক দল থেকে ৫ শতাংশ নারীকে মনোনয়ন প্রদানের ব্যবস্থা রেখে জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করা হলেও ৩০টি রাজনৈতিক দল কোনো নারীকে মনোনয়ন দেয়নি। এছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীর উপস্থিতিও উল্লেখযোগ্য। পাশাপাশি হলফনামার তথ্য বিশ্লেষণে শিক্ষাগত যোগ্যতা, পেশা, বয়স, মামলা ও সম্পদের নানা চিত্র উঠে এসেছে, যা নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট করে।

অনুষ্ঠানে সুজনের কোষাধ্যক্ষ সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ এবং কর্মকর্তা সজল কোরাইশীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।