২/২, ব্লক-এ, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা
৮৮০ ২২ ২২২ ৪৩৯৫৬
shujan.info@gmail.com

সুজনের আয়োজনে মোংলায় নির্বাচনী প্রার্থীদের সঙ্গে নাগরিকদের মুখোমুখি আলোচনা

নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করা এবং সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থী নির্বাচনের লক্ষ্যে বাগেরহাট-৩ আসনের সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নিয়ে “জনগণের মুখোমুখি” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৬ জানুয়ারি, সোমবার সকালে মোংলার শ্রমিক সংঘের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে নাগরিকদের সামনে প্রার্থীরা তাঁদের নির্বাচনী অঙ্গীকার ও ইশতেহার উপস্থাপন করেন এবং জনসাধারণের প্রশ্নের উত্তর দেন। সুজন—সুশাসনের জন্য নাগরিক, মোংলা উপজেলা কমিটির উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘সুজন’ মোংলা উপজেলা কমিটির সভাপতি ফ্রান্সিস সুদান হালদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং অফিসার ও মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান এবং জাসদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. হাবিবুর রহমান মাস্টার।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুজনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজন—সুশাসনের জন্য নাগরিক, মোংলা উপজেলা কমিটির সম্পাদক মো. নূর আলম শেখ।

অনুষ্ঠানের একপর্যায়ে প্রার্থীরা নাগরিকদের সামনে তাঁদের নির্বাচনী কর্মসূচি ও পরিকল্পনা তুলে ধরেন। পরে উপস্থিত জনগণের পক্ষ থেকে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করা হলে প্রার্থীরা তাৎক্ষণিকভাবে সেগুলোর উত্তর দেন। একই সঙ্গে তাঁরা একটি সুস্পষ্ট অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন, যা অনুষ্ঠানে পাঠ করে শোনানো হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে নাগরিক দায়িত্ব পালনের অংশ হিসেবে ভোটারদের সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থী নির্বাচনের আহ্বান জানিয়ে শপথবাক্য পাঠ করানো হয়।